যুক্তরাষ্ট্রে নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

ক্যাম্পাস
যুক্তরাষ্ট্রে নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান
নিউজ ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১:৫৭ পিএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি যুক্তরাষ্ট্রে নিখোঁজ রয়েছেন।

গত পাঁচ দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা’য় (ইউএসএফ) স্নাতকোত্তর (এমএসসি) পর্যায়ে অধ্যয়নরত।

সহপাঠী ও বিভাগীয় সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যাওয়ার পর থেকেই নিখোঁজ হন বৃষ্টি। এরপর থেকে তার এবং সঙ্গে থাকা ওই সহপাঠীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

এসিসিই বিভাগের শিক্ষার্থীরা জানান, নিখোঁজের বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় পুলিশ ও স্টেট পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। ফোন ট্র্যাকিংয়ে বৃষ্টির সর্বশেষ অবস্থান ক্যাম্পাসের ভেতরে শনাক্ত হলেও এরপর আর কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকটবর্তী হাসপাতাল, বিমানবন্দর ও ডিটেনশন সেন্টারগুলোতে খোঁজ নিয়েও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিষয়টি ইতোমধ্যে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেলকে জানানো হয়েছে। কনস্যুলেট সূত্রে জানা গেছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (এফবিআই) সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারও যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সার্বিক সহযোগিতা কামনা করেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সর্বশেষ বৃষ্টির সঙ্গে তাদের কথা হয়েছিল। এরপর থেকে আর যোগাযোগ সম্ভব হয়নি। সহপাঠীদের কাছ থেকে বিষয়টি জানার পর পরিবার পুলিশকে অবহিত করে এবং বিভিন্ন মাধ্যমে খোঁজ নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে ওঠায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

আকাশ স্মৃতি নামের এক সহপাঠী বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা চরম উদ্বেগের মধ্যে রয়েছি। এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য না পাওয়ায় সবার মধ্যে হতাশা ও উৎকণ্ঠা বাড়ছে। আমরা তার নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি।’

নোবিপ্রবির এসিসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেহা নুর রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিক্ষার্থী নিখোঁজের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা এটি গুরুত্বের সঙ্গে দেখছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তাকে দ্রুত খুঁজে বের করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’

বৃষ্টির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য তার পরিবার ও সহপাঠীরা সবার কাছে দোয়া চেয়েছেন। কেউ তার সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ক্যাম্পাস এর আরও সংবাদ

আরো পড়ুন