বহিরাগতদের হামলায় আহত ইবি শিক্ষার্থী: নিন্দা শাখা ছাত্রশিবিরের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরুণ বিশ্বাসের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রশিবির।
বুধবার (২২ এপ্রিল) সংগঠনটির প্রচার সম্পাদক মাহমুদুল ইসলাম প্রেরিত এক বিবৃতিতে সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “একটি শিক্ষাঙ্গন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও নিরাপদ পরিবেশে অবাধ বিচরণের জায়গা। সেখানে এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু একটি ব্যক্তির ওপর আঘাত নয়, বরং পুরো শিক্ষাব্যবস্থার ওপর হুমকি। এই ঘটনা প্রমাণ করে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ ও নিরাপত্তা প্রদানে প্রশাসনের মারাত্মক ঘাটতি রয়েছে।”
নেতৃবৃন্দ আরও বলেন, “ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। আমরা এ বিষয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেব না।”
এ ঘটনায় জড়িতদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
প্রসঙ্গত, গতকাল বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর (মফিজ লেক) এলাকায় এক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখেন ইবি চারুকলা বিভাগের শিক্ষার্থী তরুণ বিশ্বাস, জাহিন আফিফা এবং জাবি চারুকলা থেকে বেড়াতে আসা শিক্ষার্থী লিখন। পরে ওই যুগলের কাছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা পরিচয় জানতে চাইলে তারা স্থানীয় কয়েকজনকে ফোন করে ডেকে আনে। মুহূর্তেই ৫-৬টি মোটরসাইকেলে কয়েকজন স্থানীয় যুবক ও আরেক জোড়া যুগল সেখানে জড়ো হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসের সিকিউরিটি সেলের আরশাদ বহিরাগতদের লাঠি দিয়ে কয়েকজনকে মারধর করেন এবং দ্রুত ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেন। এই ঘটনার জের ধরেই শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন