মণিরামপুরে বিষপানে গৃহবধূর মৃত্যু, দুই সন্তানের অবস্থা আশঙ্কাজনক
যশোরের মণিরামপুর উপজেলার আটঘরা গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানের ঘটনায় এক মর্মান্তিক ট্র্যাজেডি নেমে এসেছে। বিষক্রিয়ায় গৃহবধূ রহিমা খাতুনের (৩৫) মৃত্যু হলেও তার দুই সন্তান বর্তমানে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল চালক দেলোয়ার হোসাইনের পরিবারের তিন সদস্য বিষপান করেন। তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২১ এপ্রিল ভোর ৪টা ৩০ মিনিটে রহিমা খাতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত রহিমার ছেলে ও মেয়ে বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের শরীরে বিষক্রিয়ার প্রভাব প্রকট হওয়ায় তাদের অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন।
সরেজমিনে আটঘরা গ্রামে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, দেলোয়ার হোসাইনের একাধিক বিয়ে এবং তা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক অশান্তিই এই আত্মঘাতী সিদ্ধান্তের মূল কারণ হতে পারে বলে অভিযোগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান, পারিবারিক কলহ ওই বাড়িতে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাব্বির হাসান
আপনার মতামত লিখুন