সালথায় আইন-শৃঙ্খলা সভায় ইউএনওর কড়া বার্তা: দাঙ্গা-সংঘর্ষের আগেই প্রশাসনকে জানান

সারাদেশ
সালথায় আইন-শৃঙ্খলা সভায় ইউএনওর কড়া বার্তা: দাঙ্গা-সংঘর্ষের আগেই প্রশাসনকে জানান
৩০ জুন ২০২৬, ৪:২১ পিএম

ফরিদপুরের সালথা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দাঙ্গা-সংঘর্ষ বা যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা দেখা দেওয়ার আগেই প্রশাসনকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কড়া আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।


মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।


সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, ইউসূফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবু সায়েম, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের সচিব এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।


সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, জননিরাপত্তা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ, স্থানীয় বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং সংঘর্ষ এড়াতে আগাম পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


সভাপতির বক্তব্যে ইউএনও দবির উদ্দিন বলেন, “কোনো এলাকায় দাঙ্গা-সংঘর্ষ বা অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। আগাম তথ্য পেলে প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে পারবে এবং বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।”


তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিয়ে বন্ধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”


এ সময় তিনি উপজেলার বিভিন্ন এলাকায় চলমান ২৮৫টি সড়কের উন্নয়নকাজ যথাযথভাবে বাস্তবায়নে জনপ্রতিনিধি, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।