বদলগাছীতে আবহাওয়া অফিসের রুমে পচা আলুর স্তুপ, ছেঁড়া লুঙ্গি ও গেঞ্জিতে উচ্চ পর্যবেক্ষক

সারাদেশ
বদলগাছীতে আবহাওয়া অফিসের রুমে পচা আলুর স্তুপ, ছেঁড়া লুঙ্গি ও গেঞ্জিতে উচ্চ পর্যবেক্ষক
২২ জুন ২০২৬, ১০:৩২ পিএম

নওগাঁর বদলগাছী উপজেলায় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসে দায়িত্বে অবহেলা, অফিসের অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপেশাদার আচরণের অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার বিরুদ্ধে।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকরা অফিসে গিয়ে এসব চিত্র দেখতে পান বলে অভিযোগ করেছেন।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টায় আবহাওয়া অফিসে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলমকে অফিসে পাওয়া যায়নি। পরে অফিসে থাকা আনসার সদস্যের মাধ্যমে খবর দেওয়া হলে তিনি কিছু সময় পর ছেঁড়া গেঞ্জি ও লুঙ্গি পরিহিত অবস্থায় সেখানে আসেন। মাহাবুব আলম বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।


এ সময় অফিসের পাশের একটি কক্ষে পচা আলুর স্তুপ, টেবিলের ওপর সিগারেট ও লাইটার পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে মাহাবুব আলম সাংবাদিকদের বলেন, “ওটা স্টোররুম এবং সেখানে আমাদের নিজস্ব চাষ করা আলু রাখা হয়েছে।” তবে সরকারি অফিসের ভেতরে এভাবে পচা ও অস্বাস্থ্যকর পরিবেশে আলু সংরক্ষণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ভাই, কাল থেকে পরিষ্কার রাখা হবে।”


অফিসে ছেঁড়া গেঞ্জি ও লুঙ্গি পরে উপস্থিত হওয়ার বিষয়ে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের ছবি তুলতেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।


স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী শুভ হোসেন বলেন, “একটি সরকারি অফিসে এ ধরনের অপেশাদার ও অগোছালো পরিবেশ কোনোভাবেই প্রত্যাশিত নয়। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”