ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত যুবকের মরদেহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারসংলগ্ন কাঁচামাটিয়া নদের সেতুর পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন সেতুর পাশে মরদেহ পড়ে থাকতে দেখে ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং দুপুরে মরদেহটি থানায় নিয়ে আসে।
নিহত ব্যক্তির মাথার বাম পাশে এবং ঘাড়ে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে ঘাড়ে প্রায় ছয় ইঞ্চি গভীর কোপের দাগ দেখা গেছে। স্থানীয়দের ভাষ্যমতে, নিহত ব্যক্তিকে বেশ কিছুদিন ধরেই উপজেলার বিভিন্ন বাজারে ভবঘুরের মতো ঘোরাফেরা করতে দেখা যেত।
ঘটনার পর ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, "নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশের পাশাপাশি ময়মনসিংহ থেকে পিবিআইয়ের একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।"
ঘটনার কারণ বা জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন