জমকালো আয়োজনে শুরু হয়েছে 'শাহ্ সিমেন্ট-ইমা মিডিয়া কাপ ফুটবল ২০২৬'
উৎসবমুখর পরিবেশে বুধবার (১ জুলাই) ঢাকার বনানী মাঠে (কামাল আতাতুর্ক অ্যাভিনিউ) শুরু হয়েছে চার দিনব্যাপী ‘শাহ্ সিমেন্ট-ইমা মিডিয়া কাপ ফুটবল ২০২৬ (সিজন-১)’।
ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা)-এর উদ্যোগে এবং দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড শাহ্ সিমেন্টের প্রধান পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টে সহযোগী হিসেবে রয়েছে এএমএ কফি (কফি পার্টনার), ফ্রেশ (বেভারেজ পার্টনার) এবং ইগলু (আইসক্রিম পার্টনার) ।
সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।
টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিপণন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা দলগতভাবে অংশ নিচ্ছেন। বনানী মাঠে এ আয়োজনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজকদের আশা, এই প্রতিযোগিতা শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না; বরং গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।
আগামী ৪ জুলাই বিকেল ৫টায় টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট অতিথিরা উপস্থিত থেকে বিজয়ী দল ও সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন।
আপনার মতামত লিখুন