মহালছড়িতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

জনদুর্ভোগ
মহালছড়িতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
২৬ এপ্রিল ২০২৬, ৭:৫৭ পিএম

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পানিতে ডুবে আলী আজগর (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পাকিজাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আজগর ওই এলাকার মো. আরিফ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আলী আজগর তার মায়ের সঙ্গে গরুর ঘাস কাটতে নদীর পাড়ে যায়। এ সময় তার মা ঘাস কাটায় ব্যস্ত থাকলে, একপর্যায়ে আজগর সেখান থেকে সরে গিয়ে নদীর দিকে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে তার মা ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি করে নদীর পাড়ে গিয়ে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে তোলার পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহত আলী আজগর কালোপাহাড় নূরানী মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র ছিলেন।মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রাশেদুল ইসলাম মোহাম্মদপুরি বলেন, আলী আজগর খুবই ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা যেন তার পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।