উল্লাপাড়ায় খাল খনন উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম খান

রাজনীতি
উল্লাপাড়ায় খাল খনন উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম খান
১১ এপ্রিল ২০২৬, ৬:১১ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার কয়ড়া ইউনিয়নে খাল খনন উদ্বোধন করা হয়েছে। বেলা এগারোটায় কয়ড়া ভাগলপুরে সিরাজগঞ্জ - ৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হয়ে এর উদ্বোধন ও উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন।  উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে কয়ড়ায়  উদ্বোধনী সভা হয়। এতে সহকারী কমিশনার ( ভুমি )  শারমিন আক্তার রিমা সভাপতিত্ব করেন। আরো উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া , উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী , কযড়া ইউপি প্রশাসক ফরহাদ মোহাম্মদ শাহরিয়ার , উপজেলা জামায়াতে ইসলামীর দফতর সম্পাদক আঃ বারী , উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান প্রমুখ। 


উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে জানা গেছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ইজিপিপি  কর্মসূচির আওতায় এ খাল খনন কাজ বাস্তবায়ন হবে। কযড়া ভাগলপুর আলিমউদ্দীনের বাড়ীর সামনের মোড় থেকে কচুয়া নদী অবধি প্রায় দেড় কিলোমিটার  দীর্ঘ খাল খনন করা হবে। এর সাথে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা থাকবে বলে জানা গেছে । এ খাল খনন করা হলে তিনটি ইউনিয়ন কয়ড়া , দুর্গানগর ও সদর উল্লাপাড়ার বিভিন্ন আবাদী মাঠের পানি সহজে  নিষ্কাশন হবে। আবাদী মাঠগুলোয় আর জলাবদ্ধতা দেখা দেবে না। কৃষকেরা তাদের জমিতে বছরে একাধিক ফসলের আবাদ করতে পারবেন।