ঈশ্বরগঞ্জে যুব বিভাগের মাদকবিরোধী র্যালি
"তরুণ যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়"—এই স্লোগানকে সামনে রেখে ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা যুব বিভাগ। র্যালিতে বিপুলসংখ্যক যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় র্যালিটি ঈশ্বরগঞ্জ উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
এসময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরগঞ্জের গণমানুষের নেতা ও যুব বিভাগের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান বলেন, "মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবারের স্বপ্ন এবং রাষ্ট্রের মেরুদণ্ডকেও ভেঙে দেয়। আমাদের তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। আজকের এই র্যালি কেবল একটি প্রদর্শনী নয়, বরং মাদকের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থানের বহিঃপ্রকাশ। আসুন, আমরা সকলে মিলে মাদকের ভয়াল থাবা থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করি। মাদক সেবন বন্ধ করো, সুশীল সমাজ গড়ে তোল—এই সংকল্প নিয়ে প্রতিটি ঘরে ঘরে সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে।"
র্যালিতে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল খায়ের খান মোহাম্মদ বরকাতুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ তানহার আলী এবং উপজেলা যুব বিভাগের সভাপতি এইচ এম মাজহারুল ইসলাম।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মাদকের কুফল সম্পর্কে যুবসমাজকে সতর্ক থাকার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন