রমনার বটমূলে শুরু বর্ষবরণের অনুষ্ঠান
সূর্যোদয়ের পর রাজধানীর রমনার বটমূলে শুরু হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণের অনুষ্ঠান। নতুন বছরকে স্বাগত জানাতে ভোর থেকেই সেখানে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে শুরু হয় ছায়ানট আয়োজিত বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার এই ঐতিহ্যবাহী আয়োজন।
সকালে সম্মেলক কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গান দিয়ে আয়োজন শুরু হয়। এরপর পরিবেশিত হয় ‘এ কী সুগন্ধহিল্লোল বহিল’ এবং ‘তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে’।
বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করার এই প্রভাতি অনুষ্ঠানের মূল ভাবনা ছিল ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’।
অনুষ্ঠানটি সাজানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আবদুল লতিফ ও জ্যোতিরিন্দ্র মৈত্রের গান দিয়ে। এর সঙ্গে রয়েছে লোকগানও।
এবারের আয়োজনে মোট ২২টি গান থাকবে। এর মধ্যে ৮টি সম্মেলক এবং ১৪টি একক গান। পাশাপাশি দুটি পাঠও রাখা হয়েছে।
দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা ছায়ানট ১৯৬৭ সাল থেকে রমনার বটমূলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে আসছে। এই আয়োজনের মূল বৈশিষ্ট্য হলো ভয়ের পরিবেশ কাটিয়ে সংগীতের মাধ্যমে বাঙালির জাতিসত্তা তুলে ধরা। সময়ের সঙ্গে পয়লা বৈশাখের এই অনুষ্ঠান সব ধর্ম ও বর্ণের মানুষের কাছে একটি অভিন্ন উৎসবে পরিণত হয়েছে।
আপনার মতামত লিখুন