ঈদ উপলক্ষে সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

সারাদেশ
ঈদ উপলক্ষে সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ
২৭ মে ২০২৬, ৪:০৫ পিএম

পবিত্র ঈদুল আযাহা ২০২৬ উপলক্ষে ফরিদপুরের সালথায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।


বুধবার (২৭ মে) সকালে সালথা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপজেলার আটটি ইউনিয়নের ২০০ জন দুঃস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।


এসময় বক্তারা বলেন, ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকারের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ বলেও তারা উল্লেখ করেন।