পীরগঞ্জে টুকুরিয়া হাটে উপচে পড়া ভিড়: জমে উঠেছে ঈদের শেষ মুহূর্তের পশুর হাট
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী টুকুরিয়া বাজারে বসেছিল মৌসুমের শেষ পশুর হাট। শেষ মুহূর্তের এই হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় এবং ব্যাপক পশু আমদানিতে পুরো হাট প্রাঙ্গণ এখন উৎসবমুখর ও জমজমাট।
সরেজমিনে দেখা গেছে, হাটে স্থানীয় খামারি ও সাধারণ বিক্রেতারা বিপুল সংখ্যক গরু ও ছাগল বিক্রির জন্য নিয়ে এসেছেন। শেষ মুহূর্তের হাট হওয়ায় সকাল থেকেই পীরগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ক্রেতার সমাগম ঘটে। হাটে মাঝারি ও ছোট সাইজের গরুর চাহিদা ছিল সবচেয়ে বেশি, তবে বড় সাইজের গরুর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
বিক্রেতারা জানান, শেষ হাট হওয়ায় ক্রেতাদের উপস্থিতি বেশ ভালো এবং বেচাকেনাও আশানুরূপ হচ্ছে। অন্যদিকে, পছন্দের পশুটি কিনতে ক্রেতারা এক হাট থেকে অন্য হাটে ঘুরে অবশেষে টুকুরিয়া বাজারের এই শেষ হাটে এসে দরদাম করে কোরবানির পশু কিনছেন। পশুর পাশাপাশি ছাগলের আমদান ও কেনাবেচাও ছিল বেশ সন্তোষজনক।
সব মিলিয়ে টুকুরিয়া বাজারের এই শেষ পশুর হাটটি ক্রেতা-বিক্রেতা উভয়ের উপস্থিতিতে অত্যন্ত প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
আপনার মতামত লিখুন