ইবির বাসের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ১
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘মুক্ত বাংলা’ বাসের সাথে পিকআপ ভ্যানের (করিমন) মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) বিকাল সাড়ে ৪টায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ থানার বড়দাহ দাখিল মাদরাসার কাছে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, সিডিউল অনুযায়ী বিকাল ৪ টার সময় ইবির ‘মুক্ত বাংলা’ নামক বিশ্ববিদ্যালয়ের বাস সাড়ে পাঁচটার দিকে ফিরতি পথে পিকআপ ভ্যানের (করিমন) সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ভ্যান চালককে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
নিহত চালকের নাম ইমরান (২৪)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার রানীনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে। জানা গেছে, পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
এবিষয়ে ইবির পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, “পিকআপ ভ্যান চালক আহত হওয়ার পর সকল ধরনের চিকিৎসাভার বহনের সিদ্ধান্ত হয়েছিল। তবে মৃত্যুর পর কী ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে, তার সিদ্ধান্ত আগামীকাল হবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে বাসটি হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। আগামীকাল আলোচনা শেষে নিয়ে আসা যাবে।”
মৃত্যুর খবর নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, “এই ঘটনার সময়, ঘটনাস্থল ও প্রেক্ষাপট তুলে ধরে একটি রিপোর্ট দেওয়ার জন্য ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রথমে হাসপাতালের আরএমও-এর সাথে কথা বলেছিলাম। তারা জানায় চালক রাস্তায় মৃত্যুবরণ করেছে। মৃত ব্যক্তিকে বাসায় পৌঁছে দেওয়াসহ অন্যান্য বিষয়ে প্রাথমিকভাবে সহযোগিতা করা হবে।”
মো. মিনহাজুর রহমান মাহিম
আপনার মতামত লিখুন