ইরানে হামলা স্থগিতের ঘোষণায় বিশ্ববাজারে কমল তেলের দাম
ছবিঃ সংগৃহীত
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন লক্ষ্য করা গেছে। পুরো সপ্তাহজুড়ে দামের ব্যাপক ওঠানামার পর শুক্রবার (২৭ মার্চ) দিনের শুরুতেই তেলের বাজার নিম্নমুখী হতে শুরু করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম কমার পেছনে প্রধান কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক ঘোষণা। তিনি জানিয়েছেন, ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা আপাতত ১০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সরবরাহ বিঘ্নিত হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল, তা আপাতত কেটে যাওয়ায় বাজারে স্বস্তি ফিরেছে।
শুক্রবার ভোরে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ সেন্ট বা ০.৮ শতাংশ কমে ১০৭.১১ ডলারে দাঁড়িয়েছে।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেলপ্রতি ৮৩ সেন্ট বা ০.৮৮ শতাংশ কমে ৯৩.৬৫ ডলারে নেমে এসেছে।
উল্লেখ্য, আগের সেশনে তেলের দামের যে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল, ট্রাম্পের এই ঘোষণার পর তা অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। সরবরাহ স্বাভাবিক থাকার নিশ্চয়তা পাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা ফেরার আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন