'ভাই' বলায় সাংবাদিকের ওপর চটেছেন এসিল্যান্ড: বললেন 'আমি সাধারণ মানুষ নই'

'ভাই' বলায় সাংবাদিকের ওপর চটেছেন এসিল্যান্ড: বললেন 'আমি সাধারণ মানুষ নই'

কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড আরিফুল ইসলাম।

নিউজ ডেস্ক
০৫ এপ্রিল ২০২৬, ৮:২৭ পিএম

কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড আরিফুল ইসলামের বিরুদ্ধে 'ভাই' বলে সম্বোধন করায় এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে প্রশাসনের তত্ত্বাবধানে সাহা ফিলিং স্টেশনে তেল বিক্রি কার্যক্রম পরিদর্শনে যান এসিল্যান্ড আরিফুল ইসলাম। এসময় তথ্য সংগ্রহের জন্য সেখানে উপস্থিত দেশ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা তাকে 'ভাই' সম্বোধন করে তেলের পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এসিল্যান্ড ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, "ভাই কেন বললেন? সাধারণ মানুষ ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে। আমি সাধারণ কোনো মানুষ নই।"

ভুক্তভোগী সাংবাদিক জুয়েল রানা জানান, তাকে 'স্যার' না বলার কারণেই এসিল্যান্ড সবার সামনে তাকে ধমক দিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। তিনি বলেন, "এসিল্যান্ডকে স্যার বলতে হবে এমন কোনো নিয়ম আমার জানা নেই।"

এ বিষয়ে বক্তব্য জানতে এসিল্যান্ড আরিফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি আবারও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বারবার কল করার কারণ জানতে চান। পরে সরকারি কর্মকর্তাদের 'স্যার' বলা বাধ্যতামূলক কি না জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ঘটনাটি নিয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।