পীরগঞ্জে ইয়াবা তৈরির কারখানাসহ আটক ১, সরঞ্জাম ও কেমিক্যাল উদ্ধার

পীরগঞ্জে ইয়াবা তৈরির কারখানাসহ আটক ১, সরঞ্জাম ও কেমিক্যাল উদ্ধার
০৪ জুন ২০২৬, ১২:৫৭ পিএম

রংপুরের পীরগঞ্জে ইয়াবা তৈরির সরঞ্জাম ও কেমিক্যালসহ মোঃ সাগর মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ জুন রাতে উপজেলার চতরা বন্দর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সহযোগী আরও দুজন কৌশলে পালিয়ে যায়।

​পীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চতরা গ্রামে আসামির বাড়িতে রাতারাতি অভিযান চালায় পুলিশ। অভিযানে সাগর মিয়ার শয়ন ঘর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা তৈরির বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত উপকরণের মধ্যে রয়েছে বিশেষ ধরনের দুটি লোহার ডাইস, বিভিন্ন ধরনের পাউডার, লাল, নীল ও সবুজ রঙের তরল ফুড কালার এবং স্ট্রবেরি ও চকলেট ফ্লেভার।

​এসআই (নিঃ) এ.বি.এম বদরুদ্দোজা বাদল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সাগর মিয়া নিজ বাড়িতেই এসব উপকরণ ব্যবহার করে ইয়াবা তৈরি করছিল। ঘটনায় জড়িত অপর দুই সহযোগী মোঃ রাজু মিয়া (২৫) ও মোছাঃ সুমাইয়া আক্তার (২৪) পলাতক রয়েছে।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পীরগঞ্জ থানায় একটি মামলা (নং-০৭/১৭৫) দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।