ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান
পরিবেশ সুরক্ষায় এবং সচেতনতা বাড়াতে লক্ষ্মীপুরের রায়পুরে এক বিশাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন বাংলাদেশ’-এর সার্বিক সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
অভিযানের আওতায় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কাজী হাসানুজ্জামান-অজিউল্যাহ মাদ্রাসা সংলগ্ন ঢাকাতিয়া নদীর খালের একাংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
এই ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেহেদী হাসান কাওছার।
অভিযানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: রায়পুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) জনাব নিজাম উদ্দিন ভূঁইয়া। প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট এর ভাইস-চেয়ারম্যান জনাব মিজানুর রহমান ভূঁইয়া।
উদ্বোধনকালে অতিথিরা বলেন,নদী ও খাল-বিল আমাদের প্রকৃতির প্রাণ। এগুলোকে ময়লা-আবর্জনা মুক্ত রাখা আমাদের সকলের নাগরিক দায়িত্ব। তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের এই পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী দিনে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
"শুধু একদিন পরিষ্কার করলেই হবে না, যেখানেসেখানে ময়লা ফেলা বন্ধ করে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে।"
অভিযানে বিডি ক্লিনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। খালের ভেতরের প্লাস্টিক ও ক্ষতিকর বর্জ্য অপসারণের মাধ্যমে তারা স্থানীয় বাসিন্দাদের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন