সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়
‘ক্রীড়াশক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে যুবক মাঠে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০-দলীয় ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে চান্দাখোলা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে দাপুটে জয় তুলে নেয় গোপালিয়া (আলামিন) ফুটবল একাদশ।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে সহস্রাধিক দর্শকের ঢল নামে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা পুরো ম্যাচজুড়ে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও দর্শকদের প্রাণবন্ত উচ্ছ্বাস।
ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সামসুল আলমের সঞ্চালনায় এবং ডা. মো. কাওসার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মুহা. ছরোয়ার হোসেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আগামী সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল হক।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি তাঁর বক্তব্যে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুবসমাজকে মাঠমুখী করতে পারলে তারা মাদক থেকে দূরে থাকবে এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে উঠবে।
অপরদিকে, প্রধান শিক্ষক এবিএম সামসুল আলম বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে শিক্ষামুখী করা এবং সমাজে ভালো মানুষের মূল্যায়নের সংস্কৃতি গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
ম্যাচটি পরিচালনা করেন প্রধান রেফারি মো. মেহেদী হাসান। তাঁকে সহযোগিতা করেন সহকারী রেফারি তরিকুল ইসলাম ও আশিক হাসান। আরিফুল ইসলাম ও মামুনুর রশিদের প্রাণবন্ত ধারাভাষ্য উপস্থিত দর্শকদের ম্যাচ উপভোগে বাড়তি মাত্রা যোগ করে।
আপনার মতামত লিখুন