কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় চারজন আহত

আইন-আদালত
কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় চারজন আহত

সংগৃহীত

২০ মার্চ ২০২৬, ৬:০৭ এএম

মৌলভীবাজারের কুলাউড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। 

উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আবুল কাশেম বাদী হয়ে কুলাউড়া থানায় ৬ জনের নামোউল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ও মামলা সূত্রের বরাতে জানা যায়- গৌরীশংকর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলেদের সঙ্গে একই এলাকার আবুল কাশেমের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল ৫টার দিকে প্রতিপক্ষের ইমাম উদ্দিন (৩৫), মানিক মিয়া (৪৫), শরিফ মিয়া (২২)সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবুল কাশেমের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা বাড়ির টিনের বেড়া কুপিয়ে প্রায় ৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। এসময় বাঁধা দিতে গেলে তারা দা ও লাঠিসোঁটা দিয়ে আবুল কাশেম, তার পিতা শামসুদ্দিন (৬২), মাতা আয়েশা বেগম (৪৫) এবং বড় ভাই আবু তাহেরকে (৩১) এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে কুলাউড়া থানার এসআই ফাইজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

আইন-আদালত এর আরও সংবাদ

আরো পড়ুন