সংকট কাটাতে সোমবার থেকে ১০-২০ শতাংশ হারে বাড়বে জ্বালানি সরবরাহ

সংকট কাটাতে সোমবার থেকে ১০-২০ শতাংশ হারে বাড়বে জ্বালানি সরবরাহ
নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পিএম
জ্বালানি তেলের দাম বাড়ানোর এক দিন পর সরবরাহ সংকট কাটাতে সোমবার (২০ এপ্রিল) থেকে ডিজেল, অকটেন ও পেট্রলের সরবরাহ ১০ থেকে ২০ শতাংশ হারে বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

রবিবার (১৯ এপ্রিল) ঢাকাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মোটরচালকদের জ্বালানি সংগ্রহ করতে দেখা গেছে।

রাতের শেষভাগে জারি করা এক প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অধীন বিতরণ কোম্পানিগুলো সোমবার থেকে প্রতিদিন ১৩,০৪৮ টন ডিজেল, ১,৪২২ টন অকটেন এবং ১,৫১১ টন পেট্রল বিক্রি করবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান চাহিদা বিবেচনা করে এবং ডিলার ও ভোক্তা পর্যায়ে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশোধিত বরাদ্দ অনুযায়ী, বিপিসির বিতরণ কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন মোট ১৩,০৪৮ টন ডিজেল সরবরাহ করা হবে। এর মধ্যে পদ্মা অয়েল কোম্পানি পাবে ৪,৩৩৩ টন (৩৩.২১%), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ৫,০৩৯ টন (৩৮.৬২%), যমুনা অয়েল কোম্পানি ৩,৬১৭ টন (২৭.৭২%) এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি পাবে ৫৯ টন (০.৪৫%)।

অকটেনের ক্ষেত্রে দৈনিক বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ১,৪২২ টন। এর মধ্যে মেঘনা পেট্রোলিয়াম পাবে সর্বোচ্চ ৫৩৬ টন (৩৭.৬৮%), পদ্মা অয়েল পাবে ৫১৬ টন (৩৬.৩১%) এবং যমুনা অয়েল পাবে ৩৭০ টন (২৬.০১%)।



এই খাতে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির জন্য কোনো বরাদ্দ নির্ধারণ করা হয়নি।

পেট্রলের ক্ষেত্রে দৈনিক মোট বরাদ্দ ১,৫১১ টন। এর মধ্যে মেঘনা পেট্রোলিয়াম পাবে ৫৪৭ টন (৩৬.১৮%), পদ্মা অয়েল ৫২২ টন (৩৪.৫৭%) এবং যমুনা অয়েল ৪৪২ টন (২৯.২৫%)।
বিপিসির এক মহাব্যবস্থাপকের সই করা এই নির্দেশনা ২০২৬ সালের ২০ এপ্রিল থেকে কার্যকর হবে। সংশ্লিষ্ট সব কোম্পানিকে সংশোধিত বিক্রয় পরিমাণ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


বাণিজ্য-অর্থনীতি এর আরও সংবাদ

আরো পড়ুন