সাংসদ মোহাম্মদ ফখরুল ইসলামের অংশগ্রহণে কোম্পানিগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নোবিপ্রবি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের অংশগ্রহণে কোম্পানিগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, নোবিপ্রবি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “এ অঞ্চল থেকে যেসব গরিব ও মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও আর্থিক সংকটের কারণে ভর্তি হতে পারে না, তাদের দায়িত্ব আমি গ্রহণ করব।”
তিনি আরও বলেন, “চাকরি, প্রমোশন ও যথাযথ মর্যাদার ক্ষেত্রে কোম্পানীগঞ্জ যেন পিছিয়ে না থাকে। সারা বিশ্ব এখন বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর, তাই জাতি হিসেবে আমাদেরও এ ক্ষেত্রে এগিয়ে যেতে হবে।” এছাড়া তিনি উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব আরোপ করেন।
কোম্পানিগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়মুখী করতে সচেতন ভূমিকা রাখতে হবে।” পাশাপাশি এসব বিষয়ে তিনি পাশে থাকবেন বলেও জানান।
এছাড়া ২০২৪ সালের ‘কোটা না মেধা’ স্লোগান উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
পরিশেষে তিনি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং যেকোনো বিষয়ে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, “আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। এজন্য সবাইকে ধন্যবাদ।”
তিনি আরও বলেন, “ধন্যবাদ জানাই সংগঠনের এক্সিকিউটিভ কমিটিকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।”
শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী রহমত উল্লাহ আরিফ সংগঠনের বিগত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন