শিক্ষার্থীদের মতামত নিয়েই নোবিপ্রবি'র মাস্টার প্ল্যান প্রণয়ন করতে চান উপাচার্য
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)কে শিক্ষার্থীদের প্রত্যাশা ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তুলতে তাদের মতামতকে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী।
বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত 'নোবিপ্রবি’র অধিকতর উন্নয়নের সম্ভাব্যতা সমীক্ষা ও মাস্টার প্ল্যান প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা বিশ্ববিদ্যালয়কে কিভাবে দেখতে চাও, মতামত দাও। আমরা সেগুলো মাস্টার প্ল্যানে যুক্ত করে নেবো।
উপাচার্য বলেন, “আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে ভালো অবস্থানে দেখতে চাই এবং সেজন্য শিক্ষা, গবেষণা এবং এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজসহ সবকিছুতে ভালো করতে হবে। শিক্ষা-গবেষণায় ভালো করতে হলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সুযোগ-সুবিধা বৃদ্ধি করা দরকার। সেগুলো করার জন্যই আমাদের ভবিষ্যতের মাস্টার প্ল্যান কী হওয়া উচিত, সেটা আমরা করতে যাচ্ছি। আমরা হয়তোবা একদিন থাকব না, কিন্তু এ মাস্টার প্ল্যান তৈরি করে গেলে অদূর ভবিষ্যতে আমাদের উত্তরসূরি হিসেবে তোমরা সেটি বাস্তবায়ন করতে পারবে।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “মাস্টার প্ল্যানের প্রেজেন্টেশন তোমরা দেখো। আধুনিক যুগের মানুষ হিসেবে তোমরা বিশ্ববিদ্যালয়কে কিভাবে দেখতে চাও, মতামত দাও। আমরা সেগুলো মাস্টার প্ল্যানে যুক্ত করে নেবো।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম মাসুদ। নোবিপ্রবির প্রধান প্রকৌশলী এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. জামাল হোসেনের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার।
আপনার মতামত লিখুন