উল্লাপাড়ায় প্রত্যায়নপত্র দেখিয়ে ফিলিং স্টেশন থেকে ডিজেল কিনছেন সেচ মেশিন মালিক কৃষকেরা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান জমিতে পানি সেচ দেওয়ায় অগভীর নলকূপ শ্যালো মেশিন মালিকেরা ফিলিং স্টেশনগুলো থেকে ডিজেল তেল কিনে জমিতে পানি সেচ দিচ্ছেন। কৃষি অফিস থেকে নেওয়া প্রত্যয়নপত্র দেখিয়ে শ্যালো মেশিন মালিক কৃষকেরা ফিলিং স্টেশন থেকে ডিজেল তেল কিনছেন। এখন বোরো ধান আবাদের ভরা মৌসুম চলছে। উপজেলার সব মাঠেরই বেশীরভাগ জমির বোরো ধান এখন কাইচ থোড় বলে খোজ নিয়ে জানা গেছে। বোরো ধান জমিতে পানি সেচে ডিজেল চালিত অগভীর নলকূপ শ্যালো মেশিনগুলো সময়মতো চালু রাখা হচ্ছে।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে গোটা উপজেলায় গভীর ও অগভীর মিলে ১০ হাজার ৫৬২ টি নলকূপ চালু আছে। এর মধ্যে ডিজেল তেল চালিত অগভীর নলকূপ ৬ হাজার ২৪০ টি ও ১৩ গভীর নলকূপ চালু আছে। আর বিদ্যুত চালিত গভীর ও অগভীর মিলে ৪ হাজার ৩০৯ টি নলকূপ চালু আছে।
গত কয়েকদিন হলো বোরো ধান জমিতে পানি সেচে অগভীর নলকূপ শ্যালো মেশিন মালিকেরা কৃষি অফিস থেকে দেওয়া প্রত্যয়নপত্র দেখিয়ে ফিলিং স্টেশনগুলো থেকে ডিজেল তেল কিনে মেশিন চালাচ্ছেন। উপজেলা কৃষি অফিসের নিজ নিজ ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ বোরো ধান স্ক্রীমের শ্যালো মেশিন মালিক কৃষকদেরকে প্রত্যয়নপত্র দিচ্ছেন। উল্লাপাড়া সদর ইউনিয়নের ৩ নং ব্লকের ( বাখুয়া , নাগরৌহা ও পংরৌহা গ্রামের আবাদী মাঠ ) উপ সহকারী কৃষি কর্মকর্তা আবু ইউসুফ বলেন তার ব্লকে ডিজেল তেল চালিত ৬৫ টি অগভীর নলকূপ শ্যালো মেশিন বোরো ধান জমিতে পানি সেচে চালু আছে। তার ব্লকের শ্যালো মেশিন মালিক কৃষকদেরকে তিনি প্রত্যয়নপত্র দিচ্ছেন। এলাকার ফিলিং স্টেশন থেকে প্রত্যয়নপত্র দেখিয়ে শ্যালো মেশিন মালিক কৃষকেরা ডিজেল তেল কিনে মেশিন চালাচ্ছেন।
উল্লাপাড়া পৌরসভা এলাকার উল্লাপাড়া ফিলিং স্টেশনে আজ মঙ্গলবার দুপুরে বিভিন্ন এলাকার শ্যালো মেশিন মালিক কৃষকদেরকে প্রত্যয়নপত্র দেখিয়ে ডিজেল তেল কিনতে দেখা গেছে। সলপ ইউনিয়নের খান সোনতলার আঃ রশিদের প্রায় আট বিঘা জমি নিয়ে বোরো ধান ফসল আবাদের স্ক্রীম আছে। তিনি প্রত্যয়নপত্র দেখিয়ে পরিমাণ লিখে দেওয়া পাচ লিটার ডিজেল তেল কেনেন। উপজেলার পূর্ণিমাগাতীর ফিরোজ মাহমুদ প্রত্যয়নপত্র দেখিয়ে পরিমাণ লিখে দেওয়া আট লিটার ডিজেল তেল কেনেন। তিনি বলেন তার স্ক্রীমের বেশীরভাগ জমির ধানের ছড়া বেরিয়েছি।
উল্লাপাড়া ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারের দায়িত্ব থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তা আল্লামা ইকবাল বলেন উপজেলা কৃষি বিভাগের সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ বোরো ধান জমিতে পানি সেচে অগভীর সেচ মেশিন মালিক কৃষকদেরকে প্রত্যয়নপত্র দিচ্ছেন। এতে জমির পরিমাণ হিসেব করে দরকার মতো ডিজেল তেলের পরিমাণ লিখে দিচ্ছেন। সে পরিমাণ ডিজেল তেল সেচ মেশিন মালিক কৃষকদেরকে ফিলিং স্টেশনটি থেকে দেওয়া ( বিক্রি করা ) হচ্ছে। তিনি আরো বলেন ফিলিং স্টেশনটি থেকে ফুয়েল কার্ড মাধ্যমে মোটর সাইকেল চালক মালিকেরা জ্বালানী তেল কিনছেন।
উল্লাপাড়া ফিলিং স্টেশনের ম্যানেজার মো. বেলাল হোসেন বলেন কৃষি অফিস থেকে দেওয়া প্রত্যায়নপত্র দেখে (যে পরিমাণ লিখে দেওয়া আছে সে পরিমাণ ) ডিজেল তেল সেচ মেশিন মালিক কৃষকদের কাছে বেচা হচ্ছে। তাদেরকে ক্যাশ মেমো দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন সব মাঠেই সেচ মেশিনগুলো বোরো ধান জমিতে সময় মতো পানি সেচে মালিক কৃষকেরা চালু রাখছেন।
আপনার মতামত লিখুন