মণিরামপুরে আধুনিক ডেইরি খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত, খামারিদের মাঝে ব্যাপক আগ্রহ
“আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে মণিরামপুর ও কেশবপুর উপজেলার প্রায় শতাধিক দুগ্ধ খামারি, কৃষি উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মশালায় আধুনিক প্রযুক্তিনির্ভর গবাদিপশু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি, খামারের পরিচ্ছন্নতা, বাজারজাতকরণ কৌশল এবং লাভজনক ডেইরি খামার গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের এরিয়া ম্যানেজার মো. হারুনুর রশিদের সভাপতিত্বে এবং আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ মাশুক শাহরিয়ার এবং ভেটেরিনারি সার্জন ডা. জেড.এম. হাসিব-উল ইসলামসহ স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন বলেন, “দেশের অর্থনীতিতে কৃষি ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ডেইরি খামারকে আরও লাভজনক ও টেকসই খাতে রূপান্তর করা সম্ভব। খামারিদের প্রশিক্ষিত করে তুলতে পারলে দুধ উৎপাদন বাড়ার পাশাপাশি দেশের পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত হবে।”তিনি আরও বলেন, “বর্তমান যুবসমাজের জন্য ডেইরি খামার একটি সম্ভাবনাময় কর্মসংস্থানের ক্ষেত্র। সরকারি ও বেসরকারি উদ্যোগে এ ধরনের প্রশিক্ষণ বাড়ানো গেলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে।”প্রশিক্ষণে অংশগ্রহণকারী খামারিরা জানান, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ আরও বিস্তৃত আকারে আয়োজনের দাবি জানান অংশগ্রহণকারীরা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে প্রশিক্ষণ সনদ ও সচেতনতামূলক তথ্যপত্র বিতরণ করা হয়।
সাব্বির হাসান
আপনার মতামত লিখুন