মণিরামপুরে মোটরসাইকেল থেকে পড়ে ঔষধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু, এলাকায় শোকের ছায়া
যশোরের মণিরামপুরে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে স্ট্রোক করে মোটরসাইকেল থেকে পড়ে মোঃ ফারুক হোসেন (৪০) নামের এক ঔষধ কোম্পানির প্রতিনিধির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মণিরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন উপজেলার ঝাঁপা উত্তরপাড়া গ্রামের মোঃ শহিদুল্লাহ মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জিসকা (Ziska) ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন এবং এলাকায় একজন দায়িত্বশীল ও পরিচিত মেডিকেল প্রতিনিধি হিসেবে সুনাম অর্জন করেছিলেন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে হঠাৎ তীব্র গ্যাস্ট্রিক সমস্যায় অসুস্থ হয়ে ফারুক হোসেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেন। এরপর নিয়মিত কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু হাসপাতাল থেকে বের হয়ে মণিরামপুর বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পুনরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ ইফতেখার রসুল জানান,
“সকালে গ্যাস্ট্রিকের সমস্যায় তিনি হাসপাতালে আসেন এবং চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হন। তবে পরে হঠাৎ স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, ফারুক হোসেন অত্যন্ত পরিশ্রমী ও সদালাপী ব্যক্তি ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও পরিচিতজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, হঠাৎ অসুস্থতার ঝুঁকি এড়াতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা বৃদ্ধি জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
সাব্বির হাসান
আপনার মতামত লিখুন