সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক দুটি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত আরও ১৫ জন আহত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রফিনগর ইউনিয়নের সাদিরপুর ও রফিনগর গ্রামে এমন ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৫টায় সাদিরপুর গ্রামের আব্দুল হামিদের ধান শুকানোর খলার উপর দিয়ে একই গ্রামের মাসুম মিয়ার মাটিবাহী ট্রলি চলাচলকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ায়। আধা ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে আব্দুল হামিদের ছেলে আহাদ নুর (২৪) বুকে টেঁটাবিদ্ধ হলে আশঙ্কাজনক অবস্থায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
এদিকে সন্ধ্যার পূর্ব মুহূর্তে রফিনগর গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় রফিনগর গ্রামের মৃত তাহের আলীর ছেলে গিয়াস উদ্দিন (৬০) নামের একজন নিহত হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার রফিনগর গ্রামের আবু জিহাদের একটি হাঁস নিখোঁজ হয়। এ হাঁস নিখোঁজের জন্য দায়ী করেন গিয়াসউদ্দিনকে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সন্ধ্যা ৬টায় উভয় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান গিয়াস উদ্দিন। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সংঘর্ষের পরে বেশ কয়েকটি বাড়িঘর লুটপাটের ঘটনাও ঘটে। আহত কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এবিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রযেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন