বৈরুতে ইসরায়েলি বোমায় নিভে গেল প্রবাসী দিপালীর জীবনপ্রদীপ

প্রবাস
বৈরুতে ইসরায়েলি বোমায় নিভে গেল প্রবাসী দিপালীর জীবনপ্রদীপ

নিহত মিস দিপালী। ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ৯:২৯ পিএম

লেবাননের রণক্ষেত্রে পরিণত হওয়া বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় মিস দিপালী নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। গত বুধবার বৈরুতের হামরা এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার লেবাননের বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত দিপালী ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। সচ্ছলতার আশায় পাড়ি জমানো এই নারীর জীবনপ্রদীপ নিভে গেল যুদ্ধবিধ্বস্ত পরবাসে।

দূতাবাস সূত্রে জানা গেছে, বুধবার যখন হামলাটি চালানো হয়, দিপালী তখন তার নিয়োগকর্তার (কফিল) পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। ইসরায়েলি যুদ্ধবিমানের নিক্ষিপ্ত বোমার আঘাতে ঘটনাস্থলেই দিপালীসহ তার কফিলের পরিবারের একাধিক সদস্য নিহত হন। বর্তমানে তার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনার স্বস্তির রেশ কাটতে না কাটতেই লেবাননে এই ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এই একদিনের অভিযানেই নিহতের সংখ্যা তিন শতাধিক ছাড়িয়েছে, যার মধ্যে সাধারণ বেসামরিক নাগরিকদের সঙ্গে প্রাণ হারিয়েছেন এই বাংলাদেশি নারীও।

বাংলাদেশ দূতাবাস দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার মরদেহ দেশে স্বজনদের কাছে পাঠানোর আইনি প্রক্রিয়া তদারকি করছে। ফরিদপুরের চরভদ্রাসনে এখন শোকের মাতম; প্রিয়জনের ফেরার অপেক্ষা এখন কফিনের প্রতীক্ষায় পরিণত হয়েছে।