জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক
দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এছাড়াও আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল না কিনতে এবং আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আজ শনিবার (২৮ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল মজুদ করা অত্যন্ত বিপজ্জনক। তাই অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করবেন না। নিজে সাবধান হই, অন্যকেও সাবধান করি।
জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় আছে। জ্বালানি তেলের অবৈধ মজুদকে না বলুন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার এখনো পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। তাই অতিরিক্ত লাভের আশায় জ্বালানি তেলের অবৈধ মজুদ করবেন না। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় জ্বালানি তেল ক্রয় করছে। তাই জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই।
আপনার মতামত লিখুন