জনপ্রশাসনের পর এবার খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জয়পুরহাট-২ আসনের এমপি আব্দুল বারী
বর্তমান সরকারের মন্ত্রিসভায় জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারীর দায়িত্ব ও গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি এবার তাঁকে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছে সরকার।
আজ বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বও অর্পণ করা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
জয়পুরহাটের মতো উত্তরের একটি জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যের মন্ত্রিসভায় একইসাথে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দেয়।
স্থানীয়রা মনে করছেন, জনপ্রশাসনের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পাওয়ায় দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি জয়পুরহাট জেলার কৃষি ও খাদ্য নিরাপত্তায় তিনি আরও জোরালো ভূমিকা রাখতে পারবেন।
আপনার মতামত লিখুন