বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ৬:৪০ এএম
আর্থিক লেনদেন নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। বুধবার তিনি তার পদত্যাগ করেছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে সুদান গুরুং পদত্যাগের কারণ ব্যাখ্যা করে লিখেছেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং স্বার্থের সংঘাত এড়াতে বুধবার থেকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।’

সম্প্রতি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে যে, অর্থ পাচারের অভিযোগে তদন্তাধীন ব্যবসায়ী দীপক ভাট্টার সঙ্গে গুরুংয়ের ব্যবসায়িক অংশীদারত্ব রয়েছে। এছাড়া তার সংগঠন হামি নেপাল প্রশ্নবিদ্ধ উৎস থেকে অর্থ পেয়েছে, এমন খবর প্রকাশের পর তিনি বিতর্কের মুখে পড়েন।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রেস সচিব দীপা দাহাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছেন, নতুন মন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

সুদান গুরুং বেসরকারি সংস্থা হামি নেপাল-এর প্রধান ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে জেন-জি-এর নেতৃত্বে হওয়া আন্দোলনের সামনের সারিতে ছিলেন তিনি। ৫ মার্চের পার্লামেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে তিনি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যোগ দেন এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর ২৭ মার্চ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন