আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত শাহ আলমের মরদেহ দেশে ফিরছে বৃহস্পতিবার

আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত শাহ আলমের মরদেহ দেশে ফিরছে বৃহস্পতিবার

আবুধাবিতে নিহত শাহ আলম। ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক
০৮ এপ্রিল ২০২৬, ৯:৫৮ এএম

সংযুক্ত আরব আমিরাতে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশে পৌঁছাবে। মঙ্গলবার (৭ এপ্রিল) আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় ভোর আনুমানিক ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ইরান থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করার সময় সেটির ধ্বংসাবশেষ শাহ আলমের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শাহ আলম ওই এলাকায় একটি খামারে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে শাহ আলমের মরদেহ বিশেষ ব্যবস্থাপনায় দেশে পাঠানো হচ্ছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (EK 0580) মরদেহটি আগামীকাল ৯ এপ্রিল সকাল ৮:৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। মরদেহের সাথে সফরসঙ্গী হিসেবে থাকছেন তার শ্যালক শরিফুল।

বাংলাদেশ দূতাবাস আবুধাবি শাহ আলমের এই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাসের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। এই সংঘাতের বলি হয়ে শাহ আলম ছাড়াও আরও কয়েকজন বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। শাহ আলমের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।