হরমুজ প্রণালিতে চলাচলে ইরানি মুদ্রায় টোল দিতে হবে: তেহরান
হরমুজ প্রণালিটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং এখান দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানি মুদ্রায় ‘রিয়াল’ টোল পরিশোধ করতে হবে বলে জানিয়েছে তেহরান।
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার বড় একটি অংশজুড়ে ছিল এই হরমুজ প্রণালি। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বে ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এবং বিপুল পরিমাণ এলএনজি পরিবহন করা হয়।
রোববার ভোরের আগে ইসলামাবাদে দীর্ঘ প্রায় ২১ ঘণ্টার বৈঠক শেষ হলেও দুই পক্ষ কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি। বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র তাদের ‘চূড়ান্ত প্রস্তাব’ দিয়েছে, কিন্তু ইরান তা গ্রহণ করেনি।
যুক্তরাষ্ট্রের দাবি ছিল, অবিলম্বে হরমুজ প্রণালি সব ধরনের নৌ চলাচলের জন্য খুলে দিতে হবে। তবে ইরান জানিয়েছে, চূড়ান্ত শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত তারা প্রণালি পুরোপুরি খুলবে না।
ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র তাদের ‘রেড লাইন’ স্পষ্ট করেছে- কোন বিষয়ে ছাড় দেওয়া সম্ভব আর কোন বিষয়ে নয়। যদিও তিনি নির্দিষ্ট করে সেই শর্তগুলো প্রকাশ করেননি।
ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ বলেছে, ইরানের ডেপুটি স্পিকার হাজি বাবেয়ি হরমুজ প্রণালিকে তেহরানের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রণালিটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে এবং এখান দিয়ে জাহাজ চলাচলের জন্য অবশ্যই ইরানি মুদ্রা ‘রিয়ালে’ টোল পরিশোধ করতে হবে।
অন্যদিকে, গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এ জলপথ ‘শিগগিরই খুলে দেওয়া’ হবে।
আপনার মতামত লিখুন