ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু
১১ এপ্রিল ২০২৬, ৭:৫১ পিএম
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর দুই দেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। তবে এই বৈঠকটি কী ধরনের কাঠামোতে অনুষ্ঠিত হচ্ছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।

পাকিস্তান সরকারের সূত্রগুলোর বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টাযর দিকে এই আলোচনা শুরু হয়। ইসলামাবাদের সেরেনা হোটেলে এই আলোচনা চলছে।

এর আগে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সরকারি সূত্রগুলো বিবিসি উর্দুকে জানিয়েছে, ইরান ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের চেষ্টা করছে পাকিস্তান কর্তৃপক্ষ। প্রাথমিক পর্যায়ে পাকিস্তানি কর্মকর্তাদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান–প্রদান হবে। ইতিবাচক অগ্রগতি হলে পরবর্তীতে সরাসরি আলোচনাও হতে পারে।