ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
শুক্রবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় এ হেল্প ডেস্কের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাফির উপস্থিতিতে সংগঠনের নেতাকর্মীরা ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় নানা উদ্যোগ গ্রহণ করেন। হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, টিস্যু, কলম, চিরকুট সরবরাহ করা হয়। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে আসা শিশুদের জন্য রাখা হয় চকলেট।
এছাড়া স্বাস্থ্যসেবার জন্য ফার্মেসি বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়, যেখানে প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ সরবরাহ করা হয়। পরীক্ষার্থীদের মোবাইল ফোন ও ব্যাগ নিরাপদে সংরক্ষণের জন্য কুপনের মাধ্যমে বিশেষ ব্যবস্থাও রাখা হয়।
অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা ও নাস্তার আয়োজন করা হয় হেল্প ডেস্কে। প্রয়োজন হলে ভর্তিচ্ছুদের আবাসনের সহায়তাও প্রদানের আশ্বাস দেয় সংগঠনটি।
ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, অচেনা পরিবেশে এমন উদ্যোগ তাদের জন্য যথেষ্ট সহায়ক হয়েছে। বিশেষ করে প্রয়োজনীয় তথ্য প্রদান, বিশ্রামের ব্যবস্থা এবং প্রয়োজনীয় জিনিসপত্র জমা প্রদানের সুযোগ থাকায় তারা স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেন।
শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, “শিক্ষার্থী ও অভিভাবকরা আমাদের সহযোগিতা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদের পানি, কলম ও প্রাথমিক চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় জিনিস জমা রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, প্রশাসন থেকে দেয়া জায়গাটি আমাদের কাছে ছোট মনে হয়েছে। আজ প্রায় ৮০০-এর মত ব্যাগ জমা হয়েছে, যেগুলো রাখার মত জায়গার সংকট ছিল। অভিভাবকদেরও বসার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। পরবর্তী পরীক্ষায় হেল্প ডেস্কগুলো ক্যাম্পাসের ভিতরে করলে ও পরীক্ষার্থীদের চেকিং প্রত্যেক ভবনের সামনে করলে ভোগান্তি কমবে।”
আপনার মতামত লিখুন