ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
শুক্রবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় এ হেল্প ডেস্কের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাফির উপস্থিতিতে সংগঠনের নেতাকর্মীরা ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় নানা উদ্যোগ গ্রহণ করেন। হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, টিস্যু, কলম, চিরকুট সরবরাহ করা হয়। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে আসা শিশুদের জন্য রাখা হয় চকলেট।
এছাড়া স্বাস্থ্যসেবার জন্য ফার্মেসি বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়, যেখানে প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ সরবরাহ করা হয়। পরীক্ষার্থীদের মোবাইল ফোন ও ব্যাগ নিরাপদে সংরক্ষণের জন্য কুপনের মাধ্যমে বিশেষ ব্যবস্থাও রাখা হয়।
অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা ও নাস্তার আয়োজন করা হয় হেল্প ডেস্কে। প্রয়োজন হলে ভর্তিচ্ছুদের আবাসনের সহায়তাও প্রদানের আশ্বাস দেয় সংগঠনটি।
শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। তাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। সুপেয় পানি, কলম, টিস্যু, প্রাথমিক চিকিৎসা, ব্যাগ ও মোবাইল সংরক্ষণসহ প্রয়োজনীয় সহায়তা আমরা দিচ্ছি। ভবিষ্যতে ভর্তি সংক্রান্ত যেকোনো সহযোগিতায়ও আমরা পাশে থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”
ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, অচেনা পরিবেশে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক উপকারী। বিশেষ করে তথ্য প্রদান, বিশ্রামের জায়গা ও প্রয়োজনীয় সামগ্রী সহজে পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন