সংবাদ প্রকাশের পর লাইট-ফ্যান পেল ইবির আনসার সদস্যরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আনসার সদস্যদের ভোগান্তি নিয়ে গত ২১ এপ্রিল দৈনিক আমাদের সময়-এ প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে দুটি পকেট গেটের সমস্যার সমাধান হয়েছে। তবে প্রধান ফটক এবং কুষ্টিয়া জোনের ক্যাম্পের সংকট এখনও অমীমাংসিত রয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, লালন শাহ হল সংলগ্ন পকেট গেট ও শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পকেট গেটের নিরাপত্তা কক্ষে ইতোমধ্যে লাইট ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে।
একাধিক আনসার সদস্য জানান, পকেট গেটে লাইট ও ফ্যানের ব্যবস্থা হওয়ায় তাদের অনেক সুবিধা হয়েছে এবং গরমের অস্বস্তি অনেকটাই কমেছে।
আনসার সদস্য আনিসুর বলেন, “পকেট গেটের সমস্যা পুরোপুরি সমাধান হয়েছে। ক্যাম্পের কয়েকটি ফ্যান ঠিক করা হয়েছে। কিন্তু প্রধান ফটকের সমস্যা ও ক্যাম্পের সমস্যা এখনো রয়েছে অনেকটাই।”
কুষ্টিয়া জোনের আনসার সদস্যদের কমান্ডার মাহবুব বলেন, “ক্যাম্পের অধিকাংশ ফ্যান এখনও নষ্ট। ৫০ জন আনসার সদস্যের বিপরীতে বেড রয়েছে মাত্র ২৫টি। এ ছাড়া ক্যাম্পে শৌচাগার না থাকায় সদস্যদের কেন্দ্রীয় মসজিদের শৌচাগার ব্যবহার করতে হচ্ছে। প্রধান ফটকের সমস্যাও অপরিবর্তিত রয়েছে।”
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “আনসারদের সকল সমস্যা সমাধান প্রক্রিয়াধীন রয়েছে। ইঞ্জিনিয়ার অফিস থেকে বাজেট তৈরি করে প্রশাসনে পাঠানো হয়েছে। ইতোমধ্যে পকেট গেটের সমস্যা সমাধান হয়েছে। বাকি সমস্যাও দ্রুত সমাধান হয়ে যাবে।”
মো. মিনহাজুর রহমান মাহিম
আপনার মতামত লিখুন