রাণীশংকৈল থানায় শিক্ষার্থীদের পরিদর্শন, পুলিশের পরামর্শে অনুপ্রাণিত তারা

শিক্ষা
রাণীশংকৈল থানায় শিক্ষার্থীদের পরিদর্শন, পুলিশের পরামর্শে অনুপ্রাণিত তারা
১৮ এপ্রিল ২০২৬, ৯:৩৯ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় শিক্ষার্থীদের নিয়ে এক শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক ভিজিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া হাট ফুলকুড়ি কিন্টারগার্ডেনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা থানায় ঘুরতে আসে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করা হয়। এ সময় থানার ডিউটি অফিসার এএসআই শহিদুল ইসলাম শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

তিনি বলেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই শৃঙ্খলা, সততা ও নৈতিকতার চর্চা করতে হবে। আইন মেনে চলা এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়াই একজন আদর্শ নাগরিকের প্রধান গুণ।”

শিক্ষার্থীরা জানান, থানায় এসে তারা অনেক নতুন বিষয় জানতে পেরেছে এবং পুলিশের কাছ থেকে এমন মূল্যবান পরামর্শ পেয়ে তারা অনুপ্রাণিত হয়েছে। এএসআই শহিদুল ইসলামের কথা শুনে তারা পুলিশের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারী বলেন, “শিশুদের মাঝে সচেতনতা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের উদ্যোগ তাদের মানসিক বিকাশ ও সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করে। ভবিষ্যতে তারা দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।

শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে শিক্ষার্থীরা থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।