ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, যুবকের মৃত্যু
১৯ জুন ২০২৬, ২:৩২ পিএম

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলায় স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় মাহাবুর হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৩নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী ভাটা  গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুর হোসেন ওই গ্রামের মো. হারুন হোসেনের ছেলে। পেশায় তিনি অটোরিক্সা চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধের একপর্যায়ে মাহাবুর হোসেন ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে তিনি মারা যান।

এ বিষয়ে ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মাহাবুর হোসেন ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।