ইবিতে ফাজিল-কামিল পরীক্ষার সফটওয়্যার হস্তান্তর চুক্তি স্বাক্ষর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ফাজিল ও কামিল পরীক্ষার ফলাফল সংক্রান্ত সফটওয়্যার হস্তান্তর বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. রাজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মেসার্স মিনিয়েচার এস এম-এর পক্ষে পরিচালক সাদিকুল ইসলাম চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, মেসার্স মিনিয়েচার এস এম-এর কাছে সংরক্ষিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল ও কামিল পরীক্ষার ফলাফল সংক্রান্ত সফটওয়্যারসহ প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্টস বিশ্ববিদ্যালয়ের নিকট হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন