নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধ
তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা
নড়াইল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিট্রু জানান, সহকর্মী হত্যার প্রতিবাদে এবং ঘাতক চালককে গ্রেপ্তারের দাবিতে জেলার ১০টি পাম্প আজ বন্ধ রাখা হয়েছে
নড়াইলে জ্বালানি তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে আজ রবিবার (২৯ মার্চ) সকাল থেকে নড়াইল জেলার সকল পেট্রোল পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা পাম্প মালিক সমিতি।
নিহত নাহিদ সরদার (৩৩) সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার ছিলেন। এই ঘটনায় পাম্পের কর্মী জিহাদ মোল্যা (২৭) গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) রাত ১২টার দিকে স্থানীয় ট্রাকচালক সুজাত মোল্যা ওই পাম্পে তেল নিতে আসেন। তিনি সিরিয়াল ভেঙে আগে তেল দাবি করলে ম্যানেজার নাহিদ ও কর্মী জিহাদ তাকে লাইনে দাঁড়াতে বলেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে সুজাত তাদের দেখে নেওয়ার হুমকি দেন। রাত ২টার দিকে পাম্পের তেল শেষ হয়ে গেলে তিনি আরও ক্ষিপ্ত হন।
রাত ২টা ১০ মিনিটের দিকে ডিউটি শেষে নাহিদ ও জিহাদ মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে ওত পেতে থাকা ঘাতক ট্রাকটি তাদের ধাওয়া করে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
নড়াইল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিট্রু জানান, সহকর্মী হত্যার প্রতিবাদে এবং ঘাতক চালককে গ্রেপ্তারের দাবিতে জেলার ১০টি পাম্প আজ বন্ধ রাখা হয়েছে।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত চালক সুজাত মোল্যা ও ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।
মেহেদী হাসান রিপন
আপনার মতামত লিখুন