ডিসির বিরুদ্ধে 'অনৈতিক প্রস্তাবের' অভিযোগ
সেই ইউএনও হোসনে আরাকে পুনরায় রাজশাহীতে বদলি
রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার আদেশ দেওয়া হয়। ছবিঃ সংগৃহীত
ঝিনাইদহ সদর উপজেলার সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরাকে সাতক্ষীরার তালা থেকে পুনরায় রাজশাহী বিভাগে বদলি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার আদেশ দেওয়া হয়।
সম্প্রতি ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মাসউদের বিরুদ্ধে ইউএনও হোসনে আরার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। ওই অডিওতে ইউএনও অভিযোগ করেন, জেলা প্রশাসক তাকে ব্যক্তিগতভাবে বিভিন্ন অনৈতিক প্রস্তাব দেন এবং পরিষদের বিধিবহির্ভূত আর্থিক বরাদ্দে সই করতে চাপ দেন। তাতে রাজি না হওয়ায় তাকে প্রতিহিংসামূলকভাবে বারবার বদলি করা হচ্ছে।
অডিওতে হোসনে আরাকে বলতে শোনা যায়, "তিনি (ডিসি) খারাপ লোক। তার সঙ্গে কি নাইট স্টে করতে হবে? বারবার পরিষদে বিধিবহির্ভূত বরাদ্দ নিতে বলেন। আমি তাতে রাজি হইনি। আমার অসুস্থ দুইটা বাচ্চাকে নিয়ে দ্রুত এখান থেকে চলে যেতে বলেছেন।" হোসনে আরা আরও অভিযোগ করেন, জেলা প্রশাসক লাখ টাকার দুর্নীতি করেন এবং রাজনৈতিক ক্ষেত্রেও দ্বিচারিতা করেন।
এর আগে তাকে ঝিনাইদহ থেকে সাতক্ষীরার তালায় বদলি করা হয়েছিল। কয়েক দিনের ব্যবধানে আবারও তাকে রাজশাহীতে বদলি করার ঘটনায় প্রশাসনের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
এই বিষয়ে মানবাধিকারকর্মী আনোয়ারুজ্জামান আজাদ বলেন, "বর্তমান সরকার যখন নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে, তখন একজন নারী কর্মকর্তার সাথে এমন আচরণ কাম্য নয়। অডিও ক্লিপ ফাঁসের পর জেলা প্রশাসক ক্ষুব্ধ হয়ে এমনটা ঘটাতে পারেন বলে মনে হচ্ছে। পুরো বিষয়টি উচ্চপর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন।"বারবার বদলি এবং আনীত অভিযোগের বিষয়ে ইউএনও হোসনে আরা বর্তমানে কোনো মন্তব্য করতে রাজি হননি।
আপনার মতামত লিখুন