বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার
অভিযান প্রসঙ্গে ওসি ইকবাল বাহার সংবাদমাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার রমনা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোরের দিকে রাজধানীর রমনা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই প্রভাবশালী রাজনৈতিক নেতার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ অন্তত ১০টি মামলার আসামি হিসেবে শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক ছিলেন।
পুলিশের নির্ভরযোগ্য সূত্র বলছে, সাবেক এই এমপির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি আলোচিত হত্যা মামলা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। এছাড়া দণ্ডবিধির বিভিন্ন ধারায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযান প্রসঙ্গে ওসি ইকবাল বাহার সংবাদমাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার রমনা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।’
উল্লেখ্য, শরিফুল ইসলাম জিন্নাহ টানা তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্বে রয়েছেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল।
আপনার মতামত লিখুন