নোয়াখালীতে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর, আটক ২
নোয়াখালীর সুবর্ণচরে জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর ঘটনা ঘটেছে।
এ সময় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন ‘নূরাণী ফিলিং স্টেশন’ এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে নিয়ম অনুযায়ী গ্রাহকদের তেল সরবরাহ করা হচ্ছিল। তবে বিকাল সাড়ে ৪টার দিকে মজুত ফুরিয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ করে দিতে হয়। এতে ক্ষুব্ধ হয়ে একদল ব্যক্তি হঠাৎ স্টেশনে হামলা চালায় এবং অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়।
তিনি আরও জানান, এ ঘটনার বিষয়ে চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন