ঢাকা থেকে ফেরার পথে আনন্দমোহন কলেজের শিক্ষার্থী নিখোঁজ
রাজধানীর তেজগাঁও এলাকায় মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিং করতে গিয়ে নিখোঁজ হয়েছেন আনন্দমোহন কলেজের মাস্টার্সের শিক্ষার্থী তারেক আজিজ (২৬)। নিখোঁজের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো হদিস মেলেনি।
তারেক আজিজ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি সপরিবারে ময়মনসিংহ শহরের আকুয়া হাজিবাড়ী মোড় এলাকায় বসবাস করতেন এবং আনন্দমোহন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল বৃহস্পতিবার সকালে তারেক মোবাইল ও ল্যাপটপ মেরামতের উদ্দেশ্যে ঢাকার বসুন্ধরা শপিং মলে যান। কাজ শেষে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ৩ এপ্রিল তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বড় ভাই সৈয়দ মোশাররফ হোসেন সরকার।
নিখোঁজ শিক্ষার্থীর ভাই মোশাররফ হোসেন বলেন, "রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের উদ্বেগ বাড়ছে। বাবা-মাসহ পরিবারের সবাই এখন চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন আমার ভাইকে দ্রুত সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।"
এ বিষয়ে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি গ্রহণ করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তসহ তাকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন