রায়পুরে মৎস্য অভিযানে জব্দ মাছ এতিমখানায় বিতরণ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধ মাছ ধরা প্রতিরোধে চলমান বিশেষ মৎস্য অভিযানের অংশ হিসেবে জব্দকৃত মাছ অসহায় ও দুস্থ শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউসার এবং উপজেলা মৎস্য কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই জনাব সাধন কান্তি চৌধুরী সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে ও সরকারি নির্দেশনা অমান্য করে ধরা মাছ জব্দ করা হয়। পরবর্তীতে এসব মাছ নষ্ট না করে জনকল্যাণে ব্যবহারের লক্ষ্যে হায়দরগঞ্জ তাহেরিয়া এতিমখানায় হস্তান্তর করা হয়। এতে এতিমখানার শিশুদের জন্য পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা নিশ্চিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেঘনা নদী ও আশপাশের জলাশয়ে জাটকা সংরক্ষণসহ মৎস্য সম্পদ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ মাছ ধরা বন্ধে সচেতনতা বাড়ানো এবং আইন প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে জব্দকৃত মাছ বা অন্যান্য সম্পদ সমাজের অসহায় মানুষের কল্যাণে ব্যবহারের উদ্যোগও চলমান থাকবে। স্থানীয়রা এ ধরনের মানবিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন