গোপালগঞ্জে গণহত্যা দিবসে শ্রদ্ধা ও নানা আয়োজনে শহীদদের স্মরণ

সারাদেশ
গোপালগঞ্জে গণহত্যা দিবসে শ্রদ্ধা ও নানা আয়োজনে শহীদদের স্মরণ

গোপালগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমির শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ

২৫ মার্চ ২০২৬, ৩:৫৩ পিএম
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) গোপালগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমির শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৯৭১ সালের ২৫ মার্চের শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান বক্তব্য রাখেন।

এদিকে একই দিবস উপলক্ষে মুকসুদপুর উপজেলা পরিষদের বিজয় কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, থানার ওসি তদন্ত মোঃ মতিয়ার মোল্লা, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ফায়েকুজ্জামান মোল্লাসহ অনেকে বক্তব্য দেন।

এছাড়াও কোটালীপাড়া, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ২৫ মার্চের কালরাতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।