৩৪ বছর শিক্ষকতা জীবনের ‘রাজকীয়’ সমাপ্তি, কৃতজ্ঞতায় সিক্ত প্রধান শিক্ষক

সারাদেশ
৩৪ বছর শিক্ষকতা জীবনের ‘রাজকীয়’ সমাপ্তি, কৃতজ্ঞতায় সিক্ত প্রধান শিক্ষক
৩০ জুন ২০২৬, ৮:২১ পিএম

দীর্ঘ ৩৪ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসরে গেলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাকনহাটি নবী হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমুল হক। কর্মময় জীবনের ইতি টেনে বিদায়বেলায় তিনি পেলেন এক আবেগঘন ও ‘রাজকীয়’ সম্মান। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা শেষে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী তাকে ফুলে সজ্জিত প্রাইভেটকারে করে তার নিজ বাড়িতে পৌঁছে দেন।

প্রিয় শিক্ষককে বিদায় জানাতে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে ঢল নেমেছিল বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের। অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে উঠেছিল আবেগময়। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ সময় স্যারের সাথে কাটানো কর্মময় জীবনের নানান স্মৃতি রোমন্থন করেন।

বিদায়ী বক্তব্যে আজমুল হক আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি একটি ব্রত। দীর্ঘ ৩৪ বছর শিক্ষার্থীদের মাঝেই আমি আমার পৃথিবী খুঁজে পেয়েছি।” তিনি তার এই পথচলায় সব সময় পাশে থাকার জন্য সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় এক হৃদয়স্পর্শী দৃশ্য। সুসজ্জিত গাড়িতে করে শিক্ষককে বাড়ি পৌঁছে দেওয়ার সময় রাস্তার দুই পাশে শত শত শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে পড়েন। তারা ফুল ছিটিয়ে ও হাত নেড়ে তাদের প্রিয় শিক্ষককে শেষবারের মতো বিদায় জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ, বিদ্যালয়ের জমিদাতা সদস্য ও ময়মনসিংহের প্রাক্তন সিভিল সার্জন ডাঃ মোঃ ইলিয়াস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পিন্টু, কাকনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ বজলে রব, ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, খবরের কাগজ প্রতিনিধি ফয়সল আহমেদ, বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি মাহমুদুল শুভ প্রমুখ।



সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন