ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ফ্যাসিস্টদের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্য সৃষ্টি এবং মাদক ও অনলাইন জুয়া-ক্যাসিনোর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিকেলে দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের ওপর অসংখ্য মামলা, বাড়িঘরে হামলা ও প্রতিষ্ঠানে লুটপাটের মাধ্যমে নির্যাতন চালিয়েছে। ৫ আগস্টের পর থেকে বিএনপি উদারতার পরিচয় দিলেও, আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বক্তারা আরও বলেন, ‘এই উদারতাকে যদি কেউ দুর্বলতা মনে করে এবং নিষিদ্ধ ফ্যাসিস্টরা যদি কোনো ধরনের অশুভ তৎপরতা চালানোর চেষ্টা করে, তবে বিএনপি তা আর সহ্য করবে না। পলাতক ফ্যাসিস্টরা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগকে ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার চেষ্টা করছে।’
১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে কুৎসা রটানোর কঠোর সমালোচনা করে নেতারা বলেন, ভবিষ্যতে এসব অপতৎপরতা চললে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সাঈদুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশীদ, শাহজাহান জয়পুরী, শরীফ জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী ও মেহেদী হাসান রুবেল।
এছাড়া ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুবদল নেতা আল-আমীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ ও সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ রিজনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় অংশ নেন।
আপনার মতামত লিখুন