তারুণ্যের ভাবনায় আগামীর ঈশ্বরগঞ্জ, মাজেদ বাবুর মিশন ‘ফিক্সড মাই ঈশ্বরগঞ্জ’

সারাদেশ
তারুণ্যের ভাবনায় আগামীর ঈশ্বরগঞ্জ, মাজেদ বাবুর মিশন ‘ফিক্সড মাই ঈশ্বরগঞ্জ’
২২ মার্চ ২০২৬, ৬:৩৩ পিএম

মাদক, জুয়া ও ক্যাসিনোমুক্ত আধুনিক ঈশ্বরগঞ্জ গড়ার লক্ষ্যে আয়োজিত ‘টাউন হল’ মিটিং আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে আয়োজিত এই সভায় তরুণ প্রজন্মের মেধা, জেন-জি (Gen Z)-এর পরিকল্পনা এবং বিশেষজ্ঞদের নানা পরামর্শ উঠে আসে যা আগামীর ঈশ্বরগঞ্জ বিনির্মাণে মূল ভিত্তি হিসেবে কাজ করবে।


ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে আয়োজিত এই সংলাপে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু স্পষ্ট করে বলেন, ঈশ্বরগঞ্জকে 'ফিক্স' বা ত্রুটিমুক্ত করতে হলে প্রথমেই মাদক ও জুয়ার শিকড় উপড়ে ফেলতে হবে। তিনি ঘোষণা করেন​" আমরা আমাদের ঘর সামলাব, আমাদের উপজেলাকে সুন্দর করব। 'ফিক্সড মাই ঈশ্বরগঞ্জ' কেবল একটি কথা নয়, এটি আমাদের অঙ্গীকার। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে সাইনবোর্ড লাগিয়ে তাদের সামাজিকভাবে বয়কট করার মাধ্যমে আমরা এই সংস্কার শুরু করব।"


অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইমেইলের মাধ্যমে এবং সরাসরি উপস্থিত থেকে ঈশ্বরগঞ্জের উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও পরিবেশ নিয়ে তাদের প্রস্তাবনা উপস্থাপন করেন। তরুণদের জন্য ফ্রিল্যান্সিং হাব এবং আইটি ট্রেনিং সেন্টার স্থাপনের প্রস্তাব। কাঁচামাটিয়া নদীর নাব্য রক্ষা এবং উপজেলার বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন। মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং পাঠাগার আন্দোলন জোরদার করা।


আয়োজক সংগঠন ‘কাঁচামাটিয়া’র সদস্যরা জানান, তরুণদের পাঠানো অসংখ্য ইমেইল ও প্রস্তাবনা থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের সভায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। সংসদ সদস্য প্রতিটি প্রস্তাব অত্যন্ত গুরুত্বের সাথে শুনেছেন এবং সে অনুযায়ী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের আশ্বাস দিয়েছেন।



উপস্থিত সুধী সমাজ ও অভিভাবকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, জন প্রতিনিধিদের সাথে সাধারণ মানুষের, বিশেষ করে মেধাবী তরুণদের এমন সরাসরি সংলাপ ঈশ্বরগঞ্জের ইতিহাসে বিরল। এর মাধ্যমে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে যে দূরত্ব ছিল তা ঘুচে যাবে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।


সভায় উপজেলার উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন